৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শনিবার ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ সামানজার সাঈদ। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রোববার শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
যাত্রার আগে রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানান সামানজার। তিনি বলেন, বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সামর্থ্য তুলে ধরাই তাঁর সবচেয়ে বড় লক্ষ্য। প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও নারীর সক্ষমতাকে বিশ্বদরবারে তুলে ধরতে চান তিনি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা সামানজার জানান, কৌতূহল থেকেই প্রথমবারের মতো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে ধাপে ধাপে এগিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল অবিশ্বাস্য।
মুকুট জয়ের পর আন্তর্জাতিক উপস্থাপনা, ব্যক্তিত্ব উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। তাঁর ভাষায়, এটি শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়; বরং ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও সামাজিক দায়বদ্ধতা প্রকাশেরও একটি বড় মঞ্চ।
পড়াশোনার পাশাপাশি চার বছর কথক ও ভরতনাট্যম নৃত্য শিখেছেন সামানজার। গান, নাচ, বাস্কেটবল ও টেবিল টেনিসেও রয়েছে তাঁর আগ্রহ। ভবিষ্যতে ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়েও কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
গত ১১ জুলাই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। তিনি বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আকলিমা আতিকা কনিকার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এবারের ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ভিয়েতনামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আগামী ৫ সেপ্টেম্বর হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।