শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো ও শ্রেণিকক্ষের শৃঙ্খলা নিশ্চিত করতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পাঠদান চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
২৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ স্বাক্ষরিত এক সরকারি পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। ইতোমধ্যে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সুপারিনটেনডেন্টদের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় তাদের পড়াশোনা ও মনোযোগে নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারও পাঠদানে বিঘ্ন সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে বলে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ক্লাস চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সার্বিক তদারকি ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে।
ইউএনও রুম্পা ঘোষ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর থাকবে।