প্রশাসনে নারী নেতৃত্বের মাইলফলক, ২০ ডিসি ও ১৯১ ইউএনও

জাতীয়

দেশের মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নারী কর্মকর্তাদের উপস্থিতি এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ২০ জেলায় নারী

2026-07-23T21:16:31+00:00
2026-07-23T21:24:52+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়
প্রশাসনে নারী নেতৃত্বের মাইলফলক, ২০ ডিসি ও ১৯১ ইউএনও
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৯:২৪ পিএম
সংগৃহীত ছবি
দেশের মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নারী কর্মকর্তাদের উপস্থিতি এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ২০ জেলায় নারী জেলা প্রশাসক (ডিসি) এবং ৪৯৯ উপজেলার ১৯১টিতে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টদের মতে, এটি প্রশাসনে নারীর নেতৃত্ব ও সক্ষমতার গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রতিফলন।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ ১৮ জন নারী ডিসি দায়িত্বে ছিলেন। বর্তমানে সেই রেকর্ড ভেঙে ২০ জন নারী ডিসি দায়িত্ব পালন করছেন। তবে নয়টি বিভাগীয় কমিশনার পদের কোনোটিতেই এখন নারী কর্মকর্তা নেই।

বর্তমান নারী ডিসিরা হলেন—ঢাকার ফরিদা খানম, মুন্সীগঞ্জের সৈয়দা নূরমহল আশরাফী, নরসিংদীর ইসরাত জাহান কেয়া, মানিকগঞ্জের নাজমুন আরা সুলতানা, কিশোরগঞ্জের সোহানা নাসরিন, টাঙ্গাইলের শরিফা হক, রাজবাড়ীর আফরোজা পারভীন, শরীয়তপুরের তাহসিনা বেগম, মাদারীপুরের মর্জিনা আক্তার, কুমিল্লার রোজী আক্তার, রাঙ্গামাটির নাজমা আশরাফী, ফেনীর মনিরা হক, নাটোরের আসমা শাহীন, খুলনার হুরে জান্নাত, সাতক্ষীরার কাউসার আজিজ, চুয়াডাঙ্গার লুৎফুন নাহার, মেহেরপুরের শিল্পী রানী রায়, বরগুনার তাছলিমা আক্তার, কুড়িগ্রামের অন্নপূর্ণা দেবনাথ এবং পঞ্চগড়ের শুকরিয়া পারভীন।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৯ জন নারী ডিসি রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ৩ জন, রংপুরে ২ জন এবং রাজশাহী ও বরিশাল বিভাগে ১ জন করে নারী ডিসি দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসনেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। বর্তমানে দেশের ৪৯৯ উপজেলার মধ্যে ১৯১টিতে নারী ইউএনও দায়িত্ব পালন করছেন, যা মোট উপজেলার প্রায় ৩৯ শতাংশ।

ভূমি প্রশাসনেও নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য। বর্তমানে ৪৭৮ জন সহকারী কমিশনারের (ভূমি) মধ্যে ১১৬ জন নারী, যা মোট পদের ২৪ শতাংশের বেশি।

সব মিলিয়ে মাঠ প্রশাসনের ১ হাজার ৮৫টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৩৩২টিতে নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ প্রায় ৩০ দশমিক ৬ শতাংশ পদে এখন নারীরা নেতৃত্ব দিচ্ছেন।

কেন্দ্রীয় প্রশাসনেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। বর্তমানে ৮১টি সচিব ও সচিব-সমমর্যাদার পদের মধ্যে ১৪টিতে নারী কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া ৩৬১ জন অতিরিক্ত সচিবের মধ্যে ৭৩ জন, ১ হাজার ৫১ জন যুগ্ম সচিবের মধ্যে ২৪৯ জন, ১ হাজার ৬৪৩ জন উপসচিবের মধ্যে ৪০৪ জন এবং ৩ হাজার ৩৫০ জন সহকারী ও সিনিয়র সহকারী সচিবের মধ্যে ৯৮৬ জন নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত মোট ৬ হাজার ৩৩০টি পদের মধ্যে ১ হাজার ৬৮৬ জন নারী কর্মকর্তা রয়েছেন, যা মোট পদের ২৬ দশমিক ৬৪ শতাংশ।


  বিষয়:   নারী ডিসি  নারী ইউএনও  মাঠ প্রশাসন  জেলা প্রশাসক  জনপ্রশাসন  নারী নেতৃত্ব 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: