আদালতের নির্দেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটে ইনভেনটরি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড উদ্ধার করা হয়েছে। কার্ডে থাকা তথ্য অনুযায়ী, ঘড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।
রবিবার (১৯ জুলাই) আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের কর্মকর্তারা গুলশানের দুটি ফ্ল্যাটে প্রবেশ করে মালামাল ও নথিপত্রের তালিকা তৈরির কাজ শুরু করেন। ফ্ল্যাট দুটি দুদকের নিযুক্ত রিসিভারের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত বছরের ডিসেম্বরে আদালত অন্যান্য সম্পদের সঙ্গে ফ্ল্যাট দুটি জব্দের নির্দেশ দিয়েছিলেন।
ইনভেনটরির সময় উদ্ধার হওয়া ওয়ারেন্টি কার্ডে দেখা যায়, ঘড়িটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের Rolex Cellini Date (মডেল: ৫০৫১৯)। কার্ডে মালিক হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম, মডেল নম্বর ৫০৫১৯ এবং সিরিয়াল নম্বর ৭৩৪৫২৪৫৯ উল্লেখ রয়েছে। এতে আরও দেখা যায়, ২০১৯ সালের ২৪ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর Harrods থেকে ঘড়িটি কেনা হয়েছিল।
আন্তর্জাতিক ঘড়ির বাজারসংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন সূত্র অনুযায়ী, একই মডেলের ব্যবহৃত রোলেক্স ঘড়ির বর্তমান বাজারমূল্য ১৩ থেকে ১৭ হাজার মার্কিন ডলারের মধ্যে। নতুন বা অব্যবহৃত ঘড়িটির দাম প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ থেকে ২১ লাখ টাকা।
এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
এর ধারাবাহিকতায় আদালত যুক্তরাজ্যে তাঁর নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আট দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে তাঁর নামে থাকা দুটি কোম্পানিতে করা বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।