দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, কিছু নদীর পানি বিপৎসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বা আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি আগামী তিন দিনে বাড়তে পারে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি বাড়ছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী কয়েক দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
পাউবোর পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও যমুনার পানি বাড়ছে। আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র-যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি নদীর পানিও বাড়তে পারে। বিশেষ করে নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কিছু স্থানে বিপৎসীমার ওপরে উঠতে পারে। এতে নদীসংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানিও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।