সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম অবসরে গেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) আপিল বিভাগে তার শেষ কর্মদিবস শেষে অবসর গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে প্রচলিত রীতি অনুযায়ী তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বিচারপতি আশফাকুল ইসলামকে বিদায় জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায় জানান সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
বিদায় অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ১৯৫৯ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন। তার পিতা এ কে এম নুরুল ইসলাম বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার মা জাহানারা আরজু একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক।
বিচারপতি আশফাকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। এছাড়া ভারত থেকে এফআইসিপিএস ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৮৩ সালে জেলা আদালতে এবং ১৯৮৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের স্থায়ী বিচারক হন।
২০২২ সালের ৮ ডিসেম্বর বিচারপতি মো. আশফাকুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উন্নীত হন।
বিচারিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিচারিক উন্নয়ন বিষয়ক একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।