বন্যা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের কয়েকটি জেলায় অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার মাঠপর্যায়ের সব স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর

2026-07-14T19:06:26+00:00
2026-07-14T19:06:26+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
স্বাস্থ্য
বন্যা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম 
ফাইল ছবি। সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের কয়েকটি জেলায় অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার মাঠপর্যায়ের সব স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থেকে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর পিআইডি সম্মেলন কক্ষে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়াদান ও সমন্বয় বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন ক্ষতিগ্রস্ত এলাকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। কোথাও কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে বিশেষ নজর রাখা হয়েছে।

তিনি জানান, বন্যাকবলিত এলাকায় সাপে কাটা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে ২১ হাজার অ্যান্টি-স্নেক ভেনম সরবরাহ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে আরও এক হাজার ভায়াল মজুত রয়েছে। এখন পর্যন্ত সাপে কাটা রোগীদের সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে এবং এ কারণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

গর্ভবতী নারী, প্রসূতি ও শিশুদের চিকিৎসাসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কোনো প্রসূতির জরুরি অবস্থা তৈরি হলে স্পিডবোট, স্থানীয় নৌকা বা প্রয়োজনীয় অন্য যেকোনো মাধ্যমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত এ ক্ষেত্রে কোনো নেতিবাচক ঘটনার খবর পাওয়া যায়নি।

বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে ৭ লাখ ২৯ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মজুতে আরও ৩৬ লাখ ১৯ হাজার ৫৭২টি ট্যাবলেট রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী দ্রুত সরবরাহ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্ভাব্য ডায়রিয়া ও কলেরা মোকাবিলায় ৩ লাখ ৯৯ হাজার ৮৭৯ ব্যাগ খাবার স্যালাইন এবং প্রায় ১০ হাজার ব্যাগ নরমাল স্যালাইন প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে বন্যাকবলিত এলাকায় কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়নি। তবে পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে বলে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, সাতকানিয়ায় বন্যার পানি হাসপাতালে প্রবেশ করলে দ্রুত চিকিৎসা যন্ত্রপাতি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে পানি কমে গেলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা মাঠে কাজ করছেন। নারী, শিশু, প্রবীণ ও সাপে কাটা রোগীদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। বন্যাদুর্গত মানুষের কাছে কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।


  বিষয়:   বন্যা পরিস্থিতি  স্বাস্থ্য বিভাগ  স্বাস্থ্যমন্ত্রী  জরুরি চিকিৎসাসেবা  অ্যান্টি-স্নেক ভেনম  পানিবাহিত রোগ  দুর্যোগ মোকাবিলা 


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: