ময়মনসিংহের নান্দাইলে মাদকের প্রতিবাদ করায় আকরাম হোসেন ফেরদৌস (৪৭) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের দশালিয়া গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।
আহত আকরাম হোসেন ফেরদৌস দশালিয়া গ্রামের মৃত আহম্মদ উল্লাহর ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের সক্রিয় নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে ছেলের মাদরাসায় খাবার দিতে যাচ্ছিলেন ফেরদৌস। পথে জহিরুলের বাড়ির সামনে পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত ফেরদৌসের অভিযোগ, গত শনিবার রাতে এলাকায় কয়েকজন যুবককে মাদক সেবনের সময় আটক করে তীব্র ভর্ৎসনা করেছিলেন তিনি। মূলত এই মাদকবিরোধী অবস্থানের জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে।
হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নান্দাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করে পুলিশ।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মাদকবিরোধী অবস্থানের কারণেই এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।