সক্ষমতার চেয়ে প্রায় ৫৯ শতাংশ বেশি যাত্রী সামলাচ্ছে শাহজালাল বিমানবন্দর

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বার্ষিক ৮০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে পরিচালিত হলেও দেশের প্রধান বিমান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে এর চেয়ে

2026-07-11T13:39:24+00:00
2026-07-11T13:39:24+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
জাতীয়
সক্ষমতার চেয়ে প্রায় ৫৯ শতাংশ বেশি যাত্রী সামলাচ্ছে শাহজালাল বিমানবন্দর
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
বার্ষিক ৮০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে পরিচালিত হলেও দেশের প্রধান বিমান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে এর চেয়ে অনেক বেশি যাত্রীকে সেবা দিচ্ছে। 

২০২৫ সালে বিমানবন্দরটি দিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেছেন। 

অর্থাৎ বিদ্যমান সক্ষমতার তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেশি যাত্রী সামলেছে বিমানবন্দরটি। 

শাহজালাল বিমানবন্দরের নিজস্ব ওয়েবসাইটে বর্তমান বার্ষিক সক্ষমতা ৮০ লাখ উল্লেখ রয়েছে; বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী ২০২৫ সালের যাত্রী চলাচল ছিল ১ কোটি ২৭ লাখ ২০ হাজার। 

সংশ্লিষ্টদের মতে, সীমিত অবকাঠামো ও ক্রমবর্ধমান যাত্রীর চাপের মধ্যেও প্রতিদিন বিপুলসংখ্যক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে শাহজালাল বিমানবন্দর। 

২০২৪ সালে যেখানে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী চলাচল করেছিলেন, ২০২৫ সালে তা বেড়ে ১ কোটি ২৭ লাখ ২০ হাজারে পৌঁছেছে। মূলত আন্তর্জাতিক যাত্রী চলাচল বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে। 

বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে ইমিগ্রেশন, নিরাপত্তা, ব্যাগেজ ব্যবস্থাপনা, বোর্ডিং এবং যাত্রীসেবার বিভিন্ন পর্যায়ে প্রতিদিন বড় ধরনের অপারেশনাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। 

এরপরও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমানবন্দরের বিভিন্ন সংস্থার সমন্বয়ে কার্যক্রম সচল রাখা হচ্ছে। বিশেষ করে হজ, ওমরা, ঈদ ও অন্যান্য ব্যস্ত মৌসুমে যাত্রীর চাপ আরও বেড়ে যায়। 

এ সময় সীমিত অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবা অব্যাহত রাখাকে বিমানবন্দরের বড় সক্ষমতার পরিচয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বিমানবন্দরটির বার্ষিক যাত্রী ব্যবস্থাপনা সক্ষমতা ৮০ লাখ থেকে ২ কোটি ৪০ লাখে উন্নীত হওয়ার কথা রয়েছে। 

এতে বিদ্যমান টার্মিনালগুলোর ওপর চাপ কমার পাশাপাশি যাত্রীসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে। 

এভিয়েশন সংশ্লিষ্টদের মতে, সক্ষমতার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি যাত্রী সামলানোর বর্তমান বাস্তবতা একদিকে দেশের বিমান যোগাযোগের দ্রুত প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে শাহজালাল বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বাড়তি দায়িত্বের বিষয়টিও সামনে আনছে। 

তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে এই চাপ অনেকটাই কমবে এবং বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর আরও আধুনিক ও যাত্রীবান্ধব সেবা দেওয়ার নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: