পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক

আবহাওয়া

উজানের ঢল ও নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকলেও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কিছুটা উন্নতির আভাস

2026-07-10T17:14:18+00:00
2026-07-10T17:14:18+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
আবহাওয়া
পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:১৪ পিএম 
সংগৃহীত ছবি
উজানের ঢল ও নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকলেও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কিছুটা উন্নতির আভাস মিলেছে। বর্তমানে দেশের পাঁচটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, আগের দিনের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবার যেখানে ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপরে ছিল, শুক্রবার তা কমে পাঁচটিতে নেমেছে। তবে আগামী কয়েক দিনের বন্যা পরিস্থিতি নির্ভর করবে দেশের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উজানের বৃষ্টিপাতের ওপর।

বুলেটিন অনুযায়ী, বর্তমানে মোট নয়টি পর্যবেক্ষণ স্টেশনে পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এর মধ্যে সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এ ছাড়া কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৮ সেন্টিমিটার ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার, মনু নদীর পানি মৌলভীবাজারের মনু রেলসেতু পয়েন্টে ৩৫ সেন্টিমিটার এবং মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটার, আর খোয়াই নদীর পানি হবিগঞ্জের বল্লা পয়েন্টে ৬০ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া ও তারাপুর, কুশিয়ারা নদীর শেরপুর, সুরমা নদীর কানাইঘাট, ছাতক ও সুনামগঞ্জ, সোমেশ্বরী নদীর কলমাকান্দা এবং ছোট ফেনী নদীর কোম্পানীগঞ্জ স্টেশনে পানির স্তর সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৭৯টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ৪৩টিতে কমেছে এবং পাঁচটিতে পানির স্তর অপরিবর্তিত রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১০৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দেশের মধ্যে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, উজান ও দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের প্রবণতাই আগামী কয়েক দিনের নদ-নদীর পানির গতিপ্রকৃতি এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: