দেশের বিভিন্ন অঞ্চলে আজ দিনভর বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে জলাবদ্ধতা, আকস্মিক বন্যা ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া চলতে পারে। এই কারণে দেশের ওই ১৭টি জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালাকা থেকে ভারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।