চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা তিন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন—র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ৫৭ জন কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনের চাকরিচ্যুতির প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে। বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে একই ব্যবস্থা নেওয়া হবে।