আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানায়।
সতর্কবার্তায় বলা হয়, তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও আত্রাই নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও নওগাঁ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম।
বন্যা তথ্য কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে তিনটি নদীর চারটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনের পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
অন্যদিকে, আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি বাড়তে পারে।