ব্যাংক-টু-ব্যাংক ডিজিটাল লেনদেনকে আরও সুশৃঙ্খল ও টেকসই করতে এ ধরনের লেনদেনে ফি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্তের ফলে আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নির্ধারিত হারে চার্জ কার্যকর হবে, যা লেনদেন ব্যবস্থাপনার দক্ষতা ও সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি-২) এ নির্দেশনা জারি করে।
সার্কুলারে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি/NPSB) মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (POS) ও বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে বিদ্যমান ফি ও শর্তাবলি বহাল থাকবে।
তবে এনপিএসবির আওতায় শুধুমাত্র বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করতে পারবে।
এ ছাড়া ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে অ্যাকোয়ারিং ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।