আজ ব্যাংক হলিডে। ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (১ জুলাই) সারা দেশে সব ধরনের তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়েছে। ব্যাংকে লেনদেন বন্ধ থাকার কারণে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না। এজন্য পুঁজিবাজার বন্ধ থাকবে ।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। মূলত বছরের প্রথম ছয় মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার জন্য ব্যাংকগুলো এই দিনটিতে অভ্যন্তরীণ কাজ সম্পন্ন করে।
এ কারণে আজ কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না।
এছাড়া চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট এবং পে-অর্ডারের মতো শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং সেবাও আজ বন্ধ থাকছে।
তবে গ্রাহকদের দুর্ভোগ কমাতে এটিএম বুথ, কার্ডভিত্তিক লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) স্বাভাবিক থাকবে। গ্রাহকরা চাইলে ডিজিটাল মাধ্যমে তাদের লেনদেন চালিয়ে নিতে পারবেন। তবে মনে রাখতে হবে, আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু বিশেষ সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ কিছু শাখা আজ খোলা থাকলেও সেখানে শুধু প্রশাসনিক এবং হিসাবসংক্রান্ত কাজ পরিচালিত হবে। কোনো সাধারণ গ্রাহককে আজ ব্যাংকিং সেবা দেওয়া হবে না।
উল্লেখ্য যে, ২০২৬ সালে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তফসিলি ব্যাংকগুলোতে মোট ২৮ দিন ছুটি নির্ধারিত রয়েছে।