সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে মাসে যে পরিমাণ টোল আদায় হয়, তার প্রায় দ্বিগুণ অর্থ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে বলে জাতীয় সংসদে ।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল থেকে প্রতি মাসে গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা টোল আদায় হলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা।
তিনি জানান, টানেলের সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা, বায়ু চলাচল ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো সচল রাখতে পরিচালন ব্যয় তুলনামূলক বেশি হচ্ছে।
সেতুমন্ত্রী আরও বলেন, টানেল চালুর পর শুরুতে প্রতিদিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয় হতো। তবে সরকারের কৃচ্ছ্রসাধন নীতি এবং সেতু কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে দৈনিক ব্যয় ২২ থেকে ২৩ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে টানেলকে লাভজনক করতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
এদিন সংসদে সড়ক পরিবহন খাতের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, রাজধানীর যানজট কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) করিডর দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মহাসড়কে নিরাপদ পরিবহন নিশ্চিত করতে গণপরিবহনে জিপিএস স্থাপন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কাজও এগিয়ে চলছে বলে সংসদকে জানান সেতুমন্ত্রী।