জাতীয় সংসদে অর্থবিল-২০২৬-এর একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় সংসদ সদস্য আমিনুল হককে ভোটদান থেকে বিরত থাকতে বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যক্রমের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল-২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপন করেন। বিলের ওপর আনা একটি সংশোধনী প্রস্তাবে ভোট গ্রহণের সময় এ ঘটনা ঘটে।
এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি, দুঃখজনকভাবে, নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’
স্পিকারের এ বক্তব্যের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। এ সময় সংসদে উপস্থিত সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা সৃষ্টি হয়।