নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা আলোচনার মধ্যে এবার মুখ খুললেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে বৈবাহিক সম্পর্কের দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, এসব সংবাদে কোনো সত্যতা নেই।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ববি।
বিয়ের দাবি নাকচ করে অভিনেত্রী বলেন, ‘ওই ব্যক্তি (আবুল বাশার) আমার স্বামী নন। কেউ যদি তার বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা বিটিএল গ্রুপের সঙ্গে ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো লিগ্যাল সম্পৃক্ততা দেখাতে পারেন, তবে তিনি যা চাইবেন তা-ই করতে প্রস্তুত আছেন।’
সম্প্রতি বিটিএল গ্রুপের কার্যালয়ে একটি চেয়ারে বসা ববির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসে গেলে সম্মান করে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়। সেই সঙ্গে উপহার দেওয়া হয়। সেসব ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে এই অপপ্রচার চালানো হচ্ছে।’
মিথ্যা সংবাদ প্রকাশের কারণে তার পরিবারও চরম ভোগান্তির শিকার হয়েছে বলে দাবি করেন ববি।
ববি বলেন, ‘আমার পরিবারের অধিকাংশ সদস্য দেশের বাইরে থাকেন। এই অদ্ভুত সংবাদগুলো দেখে তারা বিভ্রান্ত ও বিচলিত হয়ে পড়েছেন। মা অসুস্থ হয়ে পড়েছেন এই গুজবের কারণে।’
ব্যবসায়ী মির্জা আবুল বাশার ‘ময়না’ সিনেমায় আংশিক প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। তবে শুধু তার নাম ব্যবহার করলেই সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়বে—এমন উদ্দেশ্য থেকেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ববি।
সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।