জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।
সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিনটি নির্ধারণ করেন।
মামলাটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে করা হয়। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ওই সময় কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়া বহু সাধারণ মানুষ আহত হন।
এ ঘটনায় উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। মামলার একমাত্র আসামি তিনি এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এর আগে ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। চলতি বছরের ১৪ মে মামলার যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে উভয় পক্ষ। এরপর থেকেই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।
এখন ৩০ জুন ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিকে নজর সবার।