মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইরান ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে।
রোববার (২১ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে ভ্যান্স ইরানকে ‘আঞ্চলিক অস্থিরতার প্রধান চালিকাশক্তি’ হিসেবে উল্লেখ করে পরিস্থিতির জন্য দেশটিকে দায়ী করেন। তবে একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক কয়েক ঘণ্টার আলোচনায় দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, দুই দেশ এমন একটি যৌথ ভবিষ্যতের দিকে এগোচ্ছে, যেখানে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা গড়ে উঠবে।
ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে এবং সম্পর্কের ইতিবাচক পরিবর্তন আনতে নির্দেশনা দিয়েছেন।
প্রসঙ্গত, ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনার আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিদল। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। বৈঠকে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।