ইরান আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে কোনো ট্রানজিট ফি না নেওয়ার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে এই জলপথ ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ফি ছাড় দেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, সাধারণভাবে হরমুজ প্রণালী ব্যবহার করতে যে ট্রানজিট খরচ নেওয়া হয়, তা এই সময়ের জন্য ইরান সরকার নিজেই বহন করবে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল আরও সহজ হবে বলে আশা করছে তেহরান।
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহার করতে আগ্রহী সব বাণিজ্যিক জাহাজকে আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।
সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অনুমতি দেওয়া হয়।
অনুমোদিত জাহাজগুলোর জন্য চলাচলের সময়সূচি, রুট এবং অন্যান্য শর্ত নির্ধারণ করবে এই কর্তৃপক্ষই।
ইরানি কর্তৃপক্ষ বলছে, সামুদ্রিক করিডোরে এখনো কিছু নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান থাকায় জাহাজ চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হবে।
নির্ধারিত রুট ও সময়সূচি অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে দুর্ঘটনা কমানো যায় এবং ধীরে ধীরে হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করা সম্ভব হয়।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে বৈশ্বিক নৌপরিবহন খাতে সাময়িক স্বস্তি আসতে পারে।
সূত্র: সামা টিভি