কাতার প্রবাসী যেসব কর্মীর রেসিডেন্স পারমিট (আকামা) বাতিল করা হয়েছে, তাদের এখন থেকে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাতার না ছাড়লে প্রতিদিন জরিমানা গুনতে হবে।
সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক এক ওয়েবিনারে এই নতুন নিয়মের বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট বিভাগের ক্যাপ্টেন আলী আহমেদ আলী আল কুওয়ারি জানান, আগে আকামা বাতিলের পর দেশ ছাড়ার জন্য ৩০ দিন সময় দেওয়া হতো। এখন সেই গ্রেস পিরিয়ড কমিয়ে ১৪ দিন করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১৪ দিনের মধ্যে দেশ না ছাড়লে প্রতিদিন ১০ কাতারি রিয়াল জরিমানা গুনতে হবে।
ভিজিট ভিসায় কাতারে আসা ব্যক্তিদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অতিরিক্ত অবস্থানের জন্য প্রতিদিন ২০০ কাতারি রিয়াল জরিমানা ধার্য করা হবে।
এ বিষয়ে ভ্রমণের আগে নিজ নিজ আইনি অবস্থা যাচাই করতে মেট্র্যাশ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ট্রাফিক ফাইন, ওভারস্টে জরিমানা ও অন্যান্য বকেয়া যাচাই করা যায়।
দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে যাত্রীদের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর-এ থাকা ই-গেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বিমানবন্দরে মোট ৭৬টি ই-গেট চালু রয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কাতারে প্রবাসী দম্পতির সন্তান জন্ম নিলে দ্রুত তা কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পর বাবার স্পনসরশিপে শিশুর রেসিডেন্স পারমিট (আকামা) নিতে হবে।
আকামা ছাড়া কোনো নবজাতক দেশ ত্যাগ করলে পরে পুনরায় কাতারে প্রবেশে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।