ফিফা বিশ্বকাপের আজকের দিনের চার ম্যাচের মধ্যে ইতোমধ্যেই দুটি শেষ হয়ে গেছে। ভোরে প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুইডেন।
এবার নজর ফেভারিট স্পেনের দিকে। বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী এই দলটি আজ মাঠে নামছে কেপভার্দের বিপক্ষে। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির পাশাপাশি ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
শুধু টেলিভিশনেই নয়, অনলাইন প্ল্যাটফর্মেও দেখা যাবে স্পেন-কেপভার্দে ম্যাচ। সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসের মাধ্যমে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপে ম্যাচটি দেখা যাবে।
এ ছাড়া জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স থেকেও বিশ্বকাপের ম্যাচ সরাসরি উপভোগ করার সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের।