শিক্ষামন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করে চমকপ্রদ নৈপুণ্য প্রদর্শন করেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।
তাদের প্রদর্শিত ‘স্মার্ট কার্বন পরিশোন ব্যবস্থা’ প্রকল্পটি থানা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা।
বাস্তবসম্মত এই বিজ্ঞান প্রকল্পে জন্য মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির (বাংলা মাধ্যম) বিজয়ী শিক্ষার্থীরা হলেন রাফসান মোহাম্মদ, জামির উদ্দিন এবং রিয়াদ শেখ।
স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।
‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ-সবার আগে বাংলাদেশ’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো গত ১২ জুন থেকে দেশব্যাপী শুরু হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি।
থানা মাধ্যমিক শিক্ষা অফিস, উত্তরা’র আয়োজনে সংশ্লিষ্ট থানা পর্যায়ের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন অডিটোরিয়ামে।
থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শম্পা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
উদ্ভাবনী বিজ্ঞান মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।
উল্লেখ্য যে, স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করছে সারাদেশের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। থানা পর্যায়ের সেরা দলগুলো ১৪ জুন অংশগ্রহণ করে জেলা পর্যায়ের প্রদর্শনীতে।
জেলা ও মহানগর পর্যায়ের সেরা ১০০টি দল নিয়ে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠান। যা থেকে নির্বাচিত হবে সেরা ১০টি দল।