সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বিরুদ্ধে থাকা একাধিক মামলার মধ্যে যে দুটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন, সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রবিবার (১৪ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চে রাষ্ট্রপক্ষের পৃথক দুটি আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে সংশ্লিষ্ট দুই মামলায় ডা. দীপু মনিকে জামিন দেন হাইকোর্ট। তার আইনজীবী রমজান আলী শিকদার জানিয়েছেন, বর্তমানে তার বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।
বাকি মামলাগুলোর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন এবং আরও ১৩টি মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেছেন।
ডা. দীপু মনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৩৮টিরও বেশি মামলা দায়ের হয়েছে।
হালনাগাদ পরিস্থিতি: হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে নাকি রাষ্ট্রপক্ষের আবেদনের পর তা স্থগিত হবে—এ বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।