টসে জিতেছে বাংলাদেশ। বেছে নেওয়া হয়েছে আগে ব্যাটিং। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন।
এশিয়ার প্রথম দেশ হিসেবে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামছে বাংলাদেশ। একই সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনেও ফেলতে চায় স্বাগতিকরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১৪ জুন) খেলা শুরু হয় সকাল ১১টায়।
তিন বা এর বেশি ম্যাচে ১০৪টি সিরিজ খেলে এখন পর্যন্ত মাত্র ছয়বার হোয়াইটওয়াশড হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে তিনবার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একবার ও নিউ জিল্যান্ডের বিপক্ষে একবার।
নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই তালিকায় যোগ হতে পারে অস্ট্রেলিয়ার নামও।
নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন। টসের সময় নাজমুল জানিয়েছেন, মিরাজ সুস্থ আছেন। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে আজ একাদশে নেই।
বাংলাদেশের একাদশে আজ পরিবর্তন এসেছে দুটি। মিরাজ না খেলায় গতকাল বিকেলেই দলে ঢোকা আরেক মেহেদীকে রাখা হয়েছে একাদশে। আজও জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের, পুরো সিরিজটাই তিনি বেঞ্চে বসে কাটিয়ে দিলেন। একাদশে অন্য বদলটি পেস বোলিং বিভাগে— নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শরীফুল ইসলামকে।
অস্ট্রেলিয়ার একাদশেও দুটি পরিবর্তন এসেছে আজ। ম্যাথু শর্ট আর নাথান এলিস নেই, আছেন বেন বেন ডোয়ারশুইস ও অলি পিক।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, অলি পিকে ও অ্যাডাম জাম্পা।