চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে মো. ইসরাফিল (৪৫) নামে এক প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত কাঁঠাল খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে চিকিৎসকের মতামত বা ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বুধবার (১০ জুন) রাতে উপজেলার হাইদগাঁও গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ঘুমানোর আগে ইসরাফিল বেশ কিছু কাঁঠাল খান। পরে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত কাঁঠাল খাওয়ার পর শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে হাইদগাঁও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, “প্রতিবন্ধী ইসরাফিল রাতে অতিরিক্ত কাঁঠাল খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়ভাবে জানা গেছে, অতিরিক্ত কাঁঠাল খাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।”
তবে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হতে প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা বা ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। বর্তমানে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।