জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবদুর রহমান বদির জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (৮ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বদিকে জামিন দেন। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের জামিন আদেশে স্থগিতাদেশ দেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় আবদুর রহমান বদিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। তখন র্যাব জানিয়েছিল, কক্সবাজারের টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।