বিশ্বকাপের আগমুহূর্তে বিদায়ের সময় জানিয়ে দিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলা

নানা চড়াই উৎড়াই পেরিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব গ্রহণের পর একাধিক

2026-06-07T20:13:00+00:00
2026-06-07T20:13:00+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপের আগমুহূর্তে বিদায়ের সময় জানিয়ে দিলেন নেইমার
ক্রীড়া ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ৮:১৩ পিএম 
সংগৃহীত ছবি
নানা চড়াই উৎড়াই পেরিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব গ্রহণের পর একাধিক আন্তর্জাতিক ম্যাচে ডাগআউটে দাঁড়ালেও অভিজ্ঞ এই ফরোয়ার্ড থেকেছেন উপেক্ষিত। তবে দীর্ঘ আড়াই বছর পর আবারও ‘হলুদ শিবিরে’ ডাক পড়েছে নেইমারের।

সব ঠিক থাকলে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। তবে ২৩তম এই বৈশ্বিক আসর শুরুর আগেই ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এরপরই বুটজোড়া আলমারিতে তুলে রাখবেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্টে মন্তব্য করে নেইমার জানান, ২০২৬ আসরে অংশ নেওয়া হবে তার ‘লাস্ট ড্যান্স’ বা শেষ নাচ। ফিফা পরিচালিত বিশ্বকাপের অফিশিয়াল প্রোফাইল থেকে গত তিনটি বিশ্বকাপে খেলা এই ব্রাজিলিয়ান তারকার কিছু ছবি পোস্ট করা হয়েছিল। সেই পোস্টের নিচেই নেইমার মন্তব্য করেন, ‘The Last dance’.

২০১৪ বিশ্বকাপে প্রথমবার ব্রাজিলের হয়ে খেলেন নেইমার। সেবার তার দল উঠেছিল সেমিফাইনালে। এরপর ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপেও খেলেছেন তিনি। সে দুটি আসরে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়। নেইমার এবার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘদিনের ট্রফি খরা ঘোচাতে চান, কারণ ২০০২ সালের পর গত ২৪ বছরে সেলেসাওরা আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি।

নেইমার বর্তমানে গ্রেড-২ কাফ ইনজুরি (পেশির চোট) থেকে সেরে উঠছেন এবং শিগগিরই অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এই চোটের কারণে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি, যে ম্যাচে ৬-২ গোলের বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল।

মিশরের বিপক্ষে ম্যাচেও মাঠের বাইরে থাকতে হয়েছিল নেইমারকে। চোটের কারণে প্রত্যাশিতভাবেই পানামা ম্যাচের একাদশে ছিলেন না এই তারকা। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে খেলার জন্য তিনি হয়তো পুরোপুরি ফিট হতে পারবেন না।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, কোচিং স্টাফ আশা করছে বিশ্বকাপের শুরু থেকেই নেইমারকে পুরোপুরি ফিট অবস্থায় দলে পাওয়া যাবে। এমনকি মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ বা তার পরের ম্যাচেই তিনি মাঠে ফিরতে পারেন। আনচেলত্তি জোর দিয়ে বলেন, বর্তমান স্কোয়াডে তিনি কোনো পরিবর্তন আনতে চান না। বিশ্বকাপের জন্য যাদের ডাকা হয়েছে, তারা সবাই মূল দলের সঙ্গেই থাকবেন।

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে এ পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন নেইমার। যেখানে তিনি ৮টি গোল করেছেন এবং ৩টি অ্যাসিস্ট (গোল করানো) করেছেন। বিশ্বকাপে তার সর্বশেষ গোলটি ছিল ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে, যা অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল। পরবর্তীতে রদ্রিগো এবং মার্কিউনহোসের পেনাল্টি মিসের কারণে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: