জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা ১০ মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার (৭ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এ আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর আগে ১১ মে সাংবাদিক শাকিল আহমেদকে ৫ মামলায় ও তার স্ত্রী ফারজানা রুপাকে ৬ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ ১০ মামলায় এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।
শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। ২১ আগস্ট তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।
সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসে প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন।