রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত কথিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা–কে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (৭ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। একই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদেশে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে আসামিদের প্রত্যেককে এক দিন করে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করতে হবে।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের সময়ের আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল আগামী ১০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করে।
শুনানিতে আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক, শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ কয়েকজনকে আদালতে হাজির করা হয়।
এ সময় শারীরিক অসুস্থতার কারণে শাহরিয়ার কবিরের জন্য হুইলচেয়ারের আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করে।
অন্যদিকে পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ আরও অনেকে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।