যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে তার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই। তবে পারস্পরিক সমঝোতা বা গুরুত্বপূর্ণ কোনো চুক্তি সম্পন্ন করার প্রয়োজন দেখা দিলে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। এ লক্ষ্যে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম কার্যক্রমের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো হামলায় মার্কিন সেনাসদস্য নিহত হলে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে এবং তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের কারণ হতে পারে।
সম্ভাব্য কোনো চুক্তির বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ট্রাম্প। তবে তিনি জানান, বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং উপযুক্ত সময়ে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।
হরমুজ প্রণালির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, একটি সমঝোতা চূড়ান্ত হলে গুরুত্বপূর্ণ এই নৌপথ দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারে।
তিনি আরও দাবি করেন, কূটনৈতিক আলোচনা কিংবা অন্য যেকোনো উপায়ে হোক, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে সক্ষম হবে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম