রাজধানী ঢাকার বাতাসের মান আজ সহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ১১তম। বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান IQAir–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ৯৪।
আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে, ৫১ থেকে ১০০-এর মধ্যে এএকিউআই স্কোর থাকলে বায়ুর মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। তবে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য দীর্ঘ সময় বাইরে অবস্থান করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির এএকিউআই স্কোর ১৭৩, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৭১।
তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে চিলির সান্তিয়াগো (১৪৩), ভারতের দিল্লি (১৪২), ভিয়েতনামের হ্যানয় (১৩২), ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা (১২৯) এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১২৮)।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে নির্মল বাতাসের শহর হিসেবে অবস্থান করছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। শহরটির এএকিউআই স্কোর মাত্র ৯, যা ‘ভালো’ বায়ুমানের নির্দেশক।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার বায়ুর মান কিছুটা উন্নতি হলেও দীর্ঘমেয়াদে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং শিল্পকারখানার নির্গমন কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।