ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অধিকাংশ শিল্পকারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সরকারের কঠোর নজরদারির ফলে শ্রমিকরা স্বস্তি ও হাসিমুখে বাড়ি ফিরছেন।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, এখন পর্যন্ত প্রায় ৯৯ শতাংশ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। যেসব কারখানায় পুরো মে মাসের বেতন দেওয়ার সময় হয়নি, সেখানে শ্রমিকদের অন্তত ১৫ দিনের অগ্রিম দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের সংকট নেই বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শ্রমিকদের পাওনা নিয়ে অযথা গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো উচিত নয়। বাস্তব অবস্থা অনেক ভালো।
বিদেশে চাকরির নামে প্রতারণার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে যারা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন আবদুল কুদ্দুছ চৌধুরী, মো. সারওয়ার আলম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।