পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। শুক্রবার (২২ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
হজ অফিস সূত্রে জানা গেছে, সম্প্রতি মারা যাওয়া হাজিদের মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। এছাড়া মদিনায় মারা গেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১)।
সরকারি হজ বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে তারা জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।
আগামী ২৬ মে পবিত্র হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে।