ত্বক ভালো রাখতে শুধু প্রসাধনী বা রূপচর্চাই যথেষ্ট নয়। শরীর ভেতর থেকে সুস্থ থাকলেও তার প্রভাব পড়ে ত্বকে। হজমের সমস্যা, লিভারের অস্বস্তি কিংবা শরীরে পানির ঘাটতি— সবকিছুই ত্বককে রুক্ষ ও প্রাণহীন করে তুলতে পারে। তাই ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে খাদ্যাভ্যাসেও আনতে হবে পরিবর্তন।
এই গরমে একটি ঠান্ডা সবুজ পানীয় হতে পারে ত্বক ও শরীরের জন্য দারুণ উপকারী। লেবু, পুদিনা, মধু ও কিছু প্রাকৃতিক উপাদানে তৈরি এই পানীয় শরীর আর্দ্র রাখার পাশাপাশি ত্বকের সতেজতাও বাড়াতে সাহায্য করে।
কেন উপকারী এই পানীয়?
পুদিনা পাতা
পুদিনা হজমে সহায়তা করে এবং শরীরকে ঠান্ডা রাখে। এতে থাকা স্যালিসিলিক অ্যাসিড ব্রণ ও ত্বকের বিভিন্ন সমস্যায় উপকারী। নিয়মিত পুদিনা খেলে ত্বকের কালচে ভাবও কমতে পারে।
লেবু
লেবুতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।
মধু
মধু ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে সতেজ ও কোমল রাখতে সহায়ক।
মৌরি ও শসা
মৌরি হজম ভালো রাখতে সাহায্য করে। আর শসা শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ত্বকে আর্দ্রতা বজায় রাখে।
যেভাবে তৈরি করবেন সবুজ পানীয়
উপকরণ
এক মুঠো পুদিনা পাতা
১টি লেবুর রস
১ চা চামচ মধু
সামান্য বিট লবণ
আধা চা চামচ মৌরি
কয়েক টুকরো শসা
তুলসীর বীজ (ঐচ্ছিক)
বরফ কুচি
প্রণালি
পুদিনা পাতা, লেবুর রস, মধু, বিট লবণ ও মৌরি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে ঢেলে বরফ, শসার টুকরো ও তুলসীর বীজ মিশিয়ে পরিবেশন করুন।
নিয়মিত এই পানীয় পান করলে শরীর থাকবে সতেজ, হজমশক্তি ভালো হবে এবং ত্বকেও আসবে প্রাকৃতিক জেল্লা।