জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ পাশ হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে উপস্থিত সংসদ সদস্যদের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে এই বিল পাশ হয়।
এদিন বিল পাশ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এসময় সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন।
আইনের বিষয়বস্তুতে বলা হয়, ঢাকা মহানগরের ৭টি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণা কার্যক্রমে মানসম্মত পাঠ্যক্রম, শিক্ষকতা ও সনদায়নসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে এই আইন প্রণয়ন করা হয়েছে।
এর আগে, ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’-এর গেজেট প্রকাশ করা হয়েছিল।
তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে দফায় দফায় আন্দোলনে নামেন। পরে অন্তর্বর্তী সরকার এই সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দেয় এবং অধ্যাদেশ জারি করে। গতকাল সেই অধ্যাদেশ সংসদে পাশ হলো।
ঢাকা মহানগরের যে ৭টি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।