রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে ‘স্বৈরাচারের দোসর’ উল্লেখ করে সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার দুপুরে সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, আগামীকাল সংসদের অধিবেশন বসবে। সেই অধিবেশনে আমাদের ভূমিকা কী হওয়া উচিত—এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং সংসদ সদস্যদের কিছু দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, তাই সংসদের কার্যপ্রণালি, ক্রাইটেরিয়া ও ক্যারেক্টার সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে।
ডেপুটি স্পিকারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যখন প্রস্তাব আসবে তখনই আমাদের অবস্থান জানানো হবে। এ বিষয়ে আগামীকালই বিষয়টি পরিষ্কার হবে।
রাষ্ট্রপতির সম্ভাব্য ভাষণ প্রসঙ্গে ডা. তাহের বলেন, তাদের মতে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি দাবি করেন, রাষ্ট্রপতি স্বৈরাচারের সহযোগী। বিএনপি কেন তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, সেটিও তাদের কাছে পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে তাদের দল একটি সিদ্ধান্ত নিয়েছে। সংসদের অধিবেশন শুরু হলে সেই সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাবে।