পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ বরদাশত করা হবে না।
তিনি স্পষ্ট জানান, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পর্যটন শিল্পের বিকাশ সরকার সমর্থন করে না; বরং পাহাড়ের পরিবেশ রক্ষা করে পরিবেশবান্ধব বা ‘ইকো-ট্যুরিজম’ গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত। মঙ্গলবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে পরিষদের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার হলো স্বাস্থ্য ও শিক্ষা খাত। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন যতটুকু প্রয়োজন তা ইতিমধ্যে হয়েছে, তবে যেখানে একান্ত জরুরি সেখানে কাজ চলবে। তিনি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, অনেক ক্ষেত্রে দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা যায়, যা কাজের গতি কমিয়ে দেয়। তাই প্রতিটি উন্নয়ন কাজে পার্বত্য জেলা পরিষদের সাথে সমন্বয় বজায় রাখা এবং নিয়মিত মনিটরিং করা আবশ্যক।
সভায় উপস্থিত কর্মকর্তারা পাহাড়ি অঞ্চলের ভূ-প্রকৃতি ও দুর্গমতার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, সমতলের তুলনায় পাহাড়ে পরিবহন ও শ্রমিক খরচ অনেক বেশি, তাই দরপত্রের (টেন্ডার) সিডিউল রেট সমতলের মতো হওয়া যৌক্তিক নয়। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ এবং কাপ্তাই লেকের মৎস্য সম্পদ উন্নয়নসহ ইকো-ট্যুরিজম, শিক্ষা ও যোগাযোগ খাতে মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা ।
সন্তু লারমার সঙ্গে স্বাক্ষাৎ : এদিকে মন্ত্রী দীপেন দেওয়ান মঙ্গলবার সকালে রাঙাগামাটি সদরে পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ( সন্তু লারমা) সঙ্গে তার বাস ভবনে দিয়ে সৌজন্যে স্বাক্ষাত করেন। এই সময় দুই নেতা পার্বত্য চট্টগ্রামের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর:
পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যাতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। মঙ্গলবার সকালে রাঙ্গামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে মন্ত্রী এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল মানুষের কল্যাণে কাজ শুরু করেছেন। তাঁর নির্দেশনায় সারাদেশব্যাপী প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। দরিদ্র প্রতিটি পরিবার যেন ফ্যামিলি কার্ড পায়, তা নিশ্চিত করতে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায় দীর্ঘকাল ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করছে। এই সম্প্রীতিকে অটুট রেখে আগামীতে সকল সম্প্রদায়ের সামাজিক উৎসবগুলো যেন আরও সার্বজনীনভাবে পালন করা যায়, সেই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। অনুষ্ঠানে রাঙ্গামাটির বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিনের পরিবারের পক্ষ থেকে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মানস মুকুল চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা হারুন, হাফেজ মো. আফসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।