পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রীদের জন্য ৩ মার্চ (মঙ্গলবার) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ঈদের দিন ২১ মার্চ ধরে এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
রাজধানীর রেল ভবন-এ অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের প্রকাশিত সূচি অনুযায়ী
৩ মার্চ: ১৩ মার্চের টিকিট
৪ মার্চ: ১৪ মার্চের টিকিট
৫ মার্চ: ১৫ মার্চের টিকিট
৬ মার্চ: ১৬ মার্চের টিকিট
৭ মার্চ: ১৭ মার্চের টিকিট
৮ মার্চ: ১৮ মার্চের টিকিট
৯ মার্চ: ১৯ মার্চের টিকিট
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবার একজন যাত্রী একটি এনআইডি ব্যবহার করে একবারই টিকিট কিনতে পারবেন এবং প্রতি লেনদেনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কেনা টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে রেলওয়ে।