স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট খোলা থাকবে, কেউ ইন্টারনেট বন্ধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। রোববার দুপুর ১২টায় নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের মুখ একেবারে খোলা। সত্যি কথা প্রকাশ করার জন্যই তো আপনারা। আপনারা যদি সত্য তথ্য প্রকাশ করতে না পারেন, জনগণ সঠিক তথ্য পাবে না। তাই আমরা চাই, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক, সত্য কথা বলুক।
অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে কিন্তু এই সুযোগটা ছিল না। তখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রিত ছিল। এখন যে হারে আপনারা প্রশ্ন করতে পারেন, এইভাবে আগে পারেন নাই। ফেসবুকের ভিতরে যেসব মিথ্যা সংবাদ ছড়ায়, সেগুলো বন্ধ করার দায়িত্ব শুধু সরকারের না, আপনাদেরও দায়িত্ব আছে।
এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। যেখানে যেরকম ব্যবস্থা নেওয়া দরকার সেখানে সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বেশ ভালো। নির্বাচন ঘিরে কোনো ধরনের অসুবিধা হবে না। যে সহিংসতার ঘটনা ঘটছে, সেগুলোর বেশিরভাগই নিজেদের দলের ভেতরে।কোনো অনুষ্ঠানে একজনকে দাওয়াত দিলে দুজন চলে আসে। তখন সিদ্ধান্তের অমিল হলে নিজেরাই লেগে যাচ্ছে। এজন্য জনসচেতনতা জরুরি।
সম্প্রতি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হাতে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অনেককে আইনের আওতায় আনা হয়েছে।এই ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
চট্টগ্রামের প্রার্থীরা বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করছে বলে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দু’একটি আসনে ছোটখাটো লঙ্ঘন যে হচ্ছে না-তা নয়। প্রতিদিনই প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফেসবুকে গুজব রটানো ঠেকাতে নির্বাচনের দিন ইন্টারনেট সংযোগ বন্ধ করার পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুজব বা মিথ্যা সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।
এর আগে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার নাজির আহমদ খানসহ, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।