বলিউডের জনপ্রিয় তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ সবসময়ই তাঁদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে আসে তাঁদের একমাত্র পুত্রসন্তান বিহান। সন্তান আসার পর তাদের জীবন ও চিন্তাধারায় নানা ইতিবাচক পরিবর্তন এসেছে। কাজের শত ব্যস্ততা সত্ত্বেও ভিকি যে একজন আদর্শ স্বামী ও বাবা, সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই অকপটে জানিয়েছেন ক্যাটরিনা।
স্বামী ভিকি কৌশলের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ভিকির মধ্যে যেন এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। দীর্ঘ ১৪, ১৬ বা ১৮ ঘণ্টা টানা শুটিং করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পরও ভিকি যখন তাঁর ও ছেলে বিহানের সঙ্গে সময় কাটান, তখন তিনি পুরো মনোযোগ সেটাই দেন।
সন্তান জন্মের পর তাদের দৈনন্দিন জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, তা নিয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনা জানান, এখন আর আগের মতো নিজেদের মর্জিমাফিক একা খাওয়া দাওয়া করা কিংবা সিনেমা দেখার স্বাধীনতা নেই। তবে এ নিয়ে তাঁদের কোনো আক্ষেপ বা অনুশোচনা নেই। বরং ভিকি সবসময় তাঁকে বুঝিয়ে শান্ত রাখেন যে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।
মা হওয়ার পর থেকেই প্রচারে আলো থেকে কিছুটা দূরে রয়েছেন ক্যাটরিনা। সম্প্রতি আম্বানি পরিবারের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাঁর চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই ট্রোলিং প্রসঙ্গে অভিনেত্রী কড়া ভাষায় বলেন, “আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষের মতামত মুহূর্তের মধ্যে বদলে যায়। সন্তান জন্ম দেওয়ার পর একজন নারীর শরীর যে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তা বেশিরভাগ মানুষেরই অজানা নয়। তারপরও কেউ যদি কঠোর চোখে সেই শরীরকে বিচার করতে চান, তবে সেটা সম্পূর্ণ তাঁদের নিজস্ব মানসিকতা।”
উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’ সিনেমার পর বড় পর্দায় আর দেখা যায়নি ক্যাটরিনাকে। এমনকি নতুন কোনো সিনেমার ঘোষণাও দেননি তিনি। তবে এ নিয়ে অভিনেত্রীর কোনো তাড়া বা জেদ নেই। নিজের ব্যবসা, পরিবার এবং নিজেকে সময় দেওয়াকেই এখন তিনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। ভবিষ্যতে কেমন চরিত্রে ফিরতে চান—এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা জানান, বড় পর্দায় এবার কোনো খলচরিত্রে বা নেগেটিভ রোলে অভিনয় করার ইচ্ছে রয়েছে তাঁর।