একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিব্রত বিএনপি

সোহাগ রাসিফ

রাজনীতি

একদিকে রাজধানীর মিরপুরে স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যযুগীয় কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে দখল এবং অপরদিকে ইসিবি চত্বরে

2026-09-28T13:14:09+00:00
2026-09-28T13:14:09+00:00
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিব্রত বিএনপি
নিন্দা জানিয়ে জড়িতদের বিচার চেয়েছে রাজনৈতিক দলগুলো
সোহাগ রাসিফ
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ পিএম 
ফাইল ছবি
একদিকে রাজধানীর মিরপুরে স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যযুগীয় কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে দখল এবং অপরদিকে ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে প্রকাশ্যে তান্ডব চালিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী। স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বিনোদন কেন্দ্রে পরপর এমন ঘটনা ঘটায় রাজধানীজুড়ে চরম আতঙ্ক ও জনক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব সন্ত্রাসী তান্ডব ও দখলের নেপথ্যে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্যসহ স্থানীয় প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ ইন্ধন ও নাম উঠে আসায় দলীয়ভাবে তীব্র বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিএনপি। ক্ষমতার দাপটে সহিংসতা চালানোর অভিযোগ এনে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন রাজনৈতিক দল, সামাজিক-সাংকৃতিক সংগঠন, বিনোদন অঙ্গনের তারকসহ দেশের দেশের বিভিন্ন স্তরের মানুষ। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে তারা।

বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা ভোরের ডাককে বলেন, দেশব্যাপী চাঁদাবাজি-দখলবাজিসংক্রান্ত সব ঘটনায়ই ঢালাওভাবে বিএনপির নাম জড়ানো হচ্ছে। মিরপুরের দুই ঘটনায় বিএনপি কতটুকু জড়িত, তা পরে তদন্তে দেখা যাবে। তবে এতে মারাত্মকভাবে দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ নিয়ে দল অনেক বিব্রত।

এসব ঘটনায় সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, ঘটনার পরপরই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের কোনো অবহেলা ছিল কি না তা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মাহদী আমিন স্পষ্ট করে বলেন, অপরাধী যে দলেরই হোক বা যার নামই ব্যবহার করুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার অত্যন্ত কঠোর।

মিরপুর-১ নম্বরে প্রসূতি নারী ও শিশু স্বাস্থ্যসেবায় নিয়োজিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গত বৃহস্পতিবার মধ্যরাতে মধ্যযুগীয় কায়দায় তান্ডব চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। হামলায় লন্ডভন্ড হয়ে যায় স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। লুট করে নিয়ে যাওয়া হয় দুই ট্রাক ভর্তি চিকিৎসা সরঞ্জাম, টিকা ও ওষুধপত্র। ভাঙচুর-লুটপাট শেষে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। এতে লেখা ছিল জমির মালিক ‘সমমনা দোকানদার সমবায় সমিতি’, জমির পরিমাণ ১০ শতাংশ। ধ্বংসস্তূপের মধ্যেই গত শনিবার দিনব্যাপী সেখানে শিশুদের টিকা কার্যক্রম চালানো হয়। এসময় অভিবাবকরা ঘটনাস্থল দেখে নিন্দা ও ক্ষোভ জানান।

সমবায় সমিতির নথিপত্রে ও গোয়েন্দা প্রতিবেদনে নাম উঠে এসেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুবদল নেতা মোস্তফা জগলুল পাশা পাপেল এবং স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার। তবে এসব অভিযোগ অস্বীকার করে সংসদ-সদস্য মিষ্টি দাবি করেছেন, রাজনৈতিক শত্রুতাবশত তার নাম ব্যবহার করা হচ্ছে।

এর পরের রাতে ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদার দাবিতে চালানো হয় ভয়াবহ হামলা, লুটপাট করা হয় স্টুডিওর নানা সারঞ্জাম। স্টুডিওর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মালিক সালমান মুক্তাদির সরাসরি অভিযোগ করে বলেছেন, বিএনপি একটা চাঁদাবাজ দল। চাঁদা দেয়া হয়নি বলে তারা আমার হাতেগড়া প্রতিষ্ঠানটি তছনছ করে দিয়েছে। তার এমন বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে চলচিত্র পরিচালক আশফাক নিপুন, অভিনেত্রী সাদিয়া আয়মানসহ বিনোদন অঙ্গনের অসংখ্য মানুষ বিএনপিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

রাজধানীজুড়ে সন্ত্রাসী কার্যক্রম এই জোড়া ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে দখলদারের টাঙানো বিলবোর্ড ভেঙে ফেলেন। পরে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, রাড্ডা ক্লিনিক কাউকে দখল করতে দেওয়া হবে না। এ ঘটনাটি বিএনপি নেতা, সিটি করপোরেশন প্রশাসন ও স্থানীয় পুলিশের এক ঐক্যবদ্ধ রাষ্ট্রীয় অপরাধ। দায়িত্বে অবহেলাকারী পুলিশ কর্মকর্তা ও হামলাকারীদের অবিলম্বে বিচার করতে হবে, অন্যথায় এর দায় সরকার ও সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজধানীর বুকেই রাতের পর রাত হাসপাতাল তছনছ ও স্টুডিও ভাঙচুর করা হচ্ছে। ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মন্ত্রীদের অবিলম্বে অপসারণ করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজদের গ্রেপ্তার না করলে বুঝব রাষ্ট্রকে সন্ত্রাসীদের হাতে সঁপে দেওয়া হয়েছে।

একই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী ও এবি পার্টি। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ন্যূনতম চিকিৎসা পাওয়ার সুযোগটিকে যারা নিশ্চিহ্ন করে দিল, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিলও করেছে জামায়াতে ইসলামী।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: