ডলারের বাজারে নতুন বার্তা, ১৪ মাস পর বিক্রিতে নামল বাংলাদেশ ব্যাংক

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

বাজারে ডলারের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে দীর্ঘ ১৪ মাস পর আবারও নিলামের মাধ্যমে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবারের নিলামে ছয়টি

2026-09-15T19:55:05+00:00
2026-09-15T19:55:05+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য
ডলারের বাজারে নতুন বার্তা, ১৪ মাস পর বিক্রিতে নামল বাংলাদেশ ব্যাংক
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
বাজারে ডলারের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে দীর্ঘ ১৪ মাস পর আবারও নিলামের মাধ্যমে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবারের নিলামে ছয়টি ব্যাংকের কাছে মোট ১ কোটি ১৫ লাখ মার্কিন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের প্রকৃত চাহিদা ও বিনিময় হার যাচাইয়ের পাশাপাশি বাজারের পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে এ নিলামের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, নিলামে সর্বোচ্চ ২ কোটি ডলার বিক্রির প্রস্তুতি ছিল। তবে নিলামে অংশ নেয় মাত্র ছয়টি ব্যাংক। ব্যাংকগুলো মোট ১ কোটি ১৫ লাখ ডলার কেনার প্রস্তাব দিলে বাংলাদেশ ব্যাংক সব প্রস্তাবই গ্রহণ করে।

নিলামে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকা ৩৫ পয়সা। গড় বিনিময় হার দাঁড়ায় ১২৩ টাকা ২২ পয়সা। নিলামের কাট-অফ রেট ছিল ১২২ টাকা ৮০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাজারে ডলারের সংকট আছে কি না এবং প্রকৃত বিনিময় হার কত হতে পারে—এসব বিষয় পর্যালোচনার জন্য নিলামের আয়োজন করা হয়েছিল। ২ কোটি ডলার বিক্রির জন্য সব ব্যাংককে আহ্বান জানানো হলেও ছয়টি ব্যাংক ১ কোটি ১৫ লাখ ডলার কেনার প্রস্তাব দেয়। তাদের সব প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

তার ভাষ্য, ব্যাংকগুলো চাইলে আরও ৮৫ লাখ ডলার নিতে পারত। এতে বোঝা যায়, ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার রয়েছে এবং বাজারে বড় ধরনের সংকট নেই।

এর আগে গত ১ সেপ্টেম্বর নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ৫ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। ওই নিলামে কাট-অফ রেট ছিল প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার আন্তব্যাংক বাজারে ডলারের গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩৫ পয়সা। আগের দিন এ হার ছিল ১২৩ টাকা ২০ পয়সা।

এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে আমদানি ব্যয়ও বেড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশের আমদানি ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে জুলাইয়ে পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি ব্যয় ৮৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে জুলাইয়ে রেমিট্যান্স কিছুটা বাড়লেও কমেছে রপ্তানি আয়। এ সময়ে রপ্তানি আয় ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

দীর্ঘ সময় ধরে বাজার থেকে ডলার কেনার পর এবার নিলামের মাধ্যমে বিক্রিতে যাওয়াকে বৈদেশিক মুদ্রাবাজারে বাংলাদেশ ব্যাংকের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত ১৪ মাসে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছিল। এবার বাজারে ডলার বিক্রির মাধ্যমে চাহিদা ও বিনিময় হার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: