চলতি জুন মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৬৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এ সময়ে প্রতিদিন গড়ে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ৯ কোটি ২৬ লাখ ডলার।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭০ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় কিছুটা কমেছে।
তবে সার্বিকভাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ২৯ জুন পর্যন্ত) রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। এ সময়ে দেশে এসেছে ৩ হাজার ৫৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি।
এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স।