ঢাকাসহ দেশের ১২টি জেলায় মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে বজ্রধ্বনি শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এ পূর্বাভাস দিয়েছে।
রাইমসের তথ্য অনুযায়ী, বগুড়া, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সাতক্ষীরা, দিনাজপুর, গাজীপুর, খুলনা, পঞ্চগড় ও ঢাকার বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৭টার মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, বজ্রবৃষ্টি কিংবা বৃষ্টি হতে পারে।
এ অবস্থায় বজ্রধ্বনি শোনা গেলে ঘরের বাইরে না যাওয়া, খোলা স্থানে অবস্থান এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রাইমসের আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় ঘরের বাইরে কোনো স্থানই পুরোপুরি নিরাপদ নয়। সর্বশেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করা উচিত। আকাশে কালো মেঘ দেখা গেলে বা বজ্রপাতের শব্দ শোনা মাত্র ধান কাটা, মাছ ধরা, খেলাধুলাসহ খোলা জায়গার সব ধরনের কাজ বন্ধ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ঘরের ভেতরে থাকলেও ছাদ, দরজা-জানালার কাছাকাছি অবস্থান না করা এবং জানালার গ্রিল স্পর্শ করা থেকে বিরত থাকা উচিত।