জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ-জাপান সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য ও দক্ষ জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্পিকার জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি দেশের যোগাযোগ, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের শর্তহীন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাপানে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধিতে সহযোগিতা কামনা করেন।
এ সময় স্পিকার স্মরণ করেন যে, ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপান অন্যতম ছিল।
রাষ্ট্রদূত সাইদা শিনচি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের ভিত্তি দুই দেশের জনগণের আন্তরিকতা ও পারস্পরিক সহানুভূতি। তিনি জানান, কৌশলগত অংশীদারিত্ব, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয় জাপান সরকার।
রাষ্ট্রদূত আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু হিসেবে মূল্যায়িত হয়েছে। নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা জোরদার হওয়ায় জাপানের চলমান উন্নয়ন কার্যক্রমের গতি আরও বেড়েছে।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব নিশি ইউকি উপস্থিত ছিলেন।