বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম (বিএনএসবি)’র ৪৮তম এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট (সিইআইটিসি)’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা শনিবার (১৩ জুন) পাহাড়তলীস্থ ট্রাস্টের ইমরান সেমিনার হলে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।
সভা শুরু হয় বিএনএসবি’র আজীবন সদস্য এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সভায় সভাপতিত্ব করেন বিএনএসবি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিইআইটিসি’র ট্রাস্টি আলহাজ্ব এস. জোহা চৌধুরী।
বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টের ট্রাস্টি এবং বিএনএসবি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজওয়ান শাহিদী। পরে সদস্যরা প্রতিবেদনের ওপর মতামত দেন এবং তা সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।
সভায় জানানো হয়, চক্ষু চিকিৎসা সেবাকে আরও বিস্তৃত করতে দক্ষ জনবল গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি রোগীদের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠানটি প্রতিবছর লক্ষ লক্ষ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করছে বলে সভায় উল্লেখ করা হয়।
প্রতিষ্ঠানটি গঠনের পর থেকে যাঁরা নেতৃত্ব দিয়েছেন এবং নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়া সৎ ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কনসালটেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সোমা রানী রায়, অপটোমেট্রিস্ট মো. আনোয়ার হোসেন এবং মেইনটেন্যান্স হেলপার মো. শহীদুল ইসলামকে ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করা হয়।
পরিশেষে আলহাজ্ব এস. জোহা চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।