জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম মেসেঞ্জারে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে প্রবেশে সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। বাংলাদেশেও একই ধরনের সমস্যার অভিযোগ পাওয়া গেছে।
সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইজডাউন- এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেসবুকের সেবা নিয়ে ৫ হাজার ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি জানায়, ফেসবুকের সেবায় জটিল সমস্যা শনাক্ত হয়েছে।
ব্যবহারকারীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে ফেসবুকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে বিলম্ব হচ্ছিল এবং অ্যাপে প্রবেশ করতেও সমস্যা দেখা দিচ্ছিল। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশেও শুক্রবার সন্ধ্যা সাড়ে৭টার পর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও অন্যান্য প্ল্যাটফর্মে তারা এ বিষয়ে অভিযোগ করেন।
তবে ঠিক কী কারণে এ বিভ্রাট ঘটেছে, কত সময় ধরে সমস্যা চলছে কিংবা কবে নাগাদ সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। ফলে সাময়িক এই বিভ্রাটও ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ভোগান্তি ও উদ্বেগ তৈরি করেছে।