ফুটবল মাঠে একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভুভুজেলা। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এই লম্বা প্লাস্টিকের বাঁশির কর্কশ শব্দে যেমন উচ্ছ্বাস তৈরি হয়েছিল, তেমনি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল। এবার সেই বিতর্কিত যন্ত্রকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করল ফিফা।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -এর স্টেডিয়াম আচরণবিধিতে স্পষ্টভাবে ভুভুজেলা বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ফলে দর্শকরা এবার স্টেডিয়ামে এই যন্ত্র ব্যবহার করে দলকে সমর্থন জানাতে পারবেন না।
ভুভুজেলা সাধারণত দক্ষিণ আফ্রিকার ফুটবল ম্যাচগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মৌমাছির ঝাঁকের মতো তীব্র ও একটানা শব্দের কারণে এটি যেমন জনপ্রিয়তা পেয়েছিল, তেমনি অনেক দর্শকের কাছে বিরক্তিকর বলেও সমালোচিত হয়েছে। সেই শব্দদূষণের বিষয়টি বিবেচনায় নিয়েই এবার বিশ্বকাপ কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে।
শুধু ভুভুজেলাই নয়, এয়ার হর্নসহ অতিরিক্ত শব্দ তৈরি করে এমন সব যন্ত্রও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে লেজার পয়েন্টার ব্যবহারের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। মোট ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪৮ দলের এই আসর। এর মধ্যে ১১টি ভেন্যু যুক্তরাষ্ট্রে, দুটি কানাডায় এবং দুটি মেক্সিকোতে থাকবে। টুর্নামেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে।